ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ছাত্রশিবিরের কর্মসূচি সায়েন্সল্যাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শিবিরের কেন্দ্রীয়, মহানগর ও বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের ওপর ইসরায়েলের নৃশংসতা মানবতার বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ।
আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও মানবিকতার সব সীমা লঙ্ঘন করছে এই দখলদার রাষ্ট্র। আমরা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই এবং তাদের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি।
ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট বার্তা: নিপীড়নের বিরুদ্ধে বিশ্ববাসী নিরব নয়।”
তারা আরও বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের ন্যায্য অধিকার ও স্বাধীনতার সংগ্রামে পাশে ছিল, আছে এবং থাকবে।
ছাত্রশিবির ঐ ঐতিহাসিক অবস্থানের ধারাবাহিকতা বজায় রেখে আজকের কর্মসূচি পালন করছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই, ইসরায়েলের বর্বরতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন এবং ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসুন।”
