আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ এএম

ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, আহমদ রফিক কেবল ভাষা আন্দোলনেরই একজন সাহসী যোদ্ধা নন, তিনি ছিলেন বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্রচর্চার এক উজ্জ্বল নক্ষত্র। 

শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মধ্য দিয়ে তিনি এ দেশের ইতিহাস ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে যে সম্মান জানিয়েছে, তা ছিল তাঁর জ্ঞানের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি বলেন, দৃষ্টিশক্তি ও শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আহমদ রফিক শেষ দিন পর্যন্ত চিন্তা ও আলোকচর্চা চালিয়ে গেছেন। তাঁর প্রয়াণে দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার অঙ্গন এক গভীর শূন্যতার মুখে পড়ল।

মরহুমের আত্মার শান্তি কামনা করে প্রধান উপদেষ্টা যোগ করেন—আহমদ রফিকের জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, আর জাতি তাঁকে চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

শোকবার্তায় তিনি পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও সাহিত্য-সংস্কৃতিপ্রেমীদের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত