পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে সাপ ঢুকে পড়ল ভারত দলের অনুশীলনে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ পিএম

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে-পরের উত্তাপের রেশ কি নারী ওয়ানডে বিশ্বকাপেও পড়বে? নারী ওয়ানডে বিশ্বকাপে রবিবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচের আগে ভারতের নারী ক্রিকেট দল যখন কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত, তখন সেখানে হাজির হয় সাপ। শ্রীলঙ্কায় এ ধরনের সাপকে বলা হয় 'গারান্দিয়া'। এগুলো মূলত নিরীহ প্রজাতির ইদুরখেকো সাপ, যা মানুষের জন্য ভীতিকর নয়।

প্রেমাদাসায় অবশ্য এমন দৃশ্য একেবারে নতুন নয়। লঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচেও আগে দেখা মিলেছে সাপের। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা-বাংলাদেশের ওয়ানডেতেও মাঠে ঢুকে পড়েছিল এই প্রজাতির সাপ। তবে এই সাপ বিষধর নয়। কামড়ায়ও না। গারান্দিয়া শুধু ইদুর খুঁজতে বের হয়।

সাপটিকে দেখে কৌতূহলী হয়ে মজা নিতে দেখা গেছে ভারতের ক্রিকেটার, কোচিং স্টাফ ও মাঠে উপস্থিত সংবাদকর্মীদের।

সাম্প্রতিক সময়ে পুরুষদের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া উত্তেজনার কারণে চোখ থাকবে নারীদের ম্যাচেও। এ ম্যাচে হারমানপ্রীতরা ফাতিমা সানাদের সঙ্গে হাত মেলান কি না, তা নিয়েও কৌতূহল। হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপে ভারতের ছেলেদের ক্রিকেট দলের মতো ভারতীয় নারী ক্রিকেটাররাও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত