তুরস্কের ৪১ পাসপোর্টসহ যা পাওয়া গেল পি কে হালদারের সহযোগীর কাছে

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম

অর্থ লোপাটের ঘটনায় আলোচিত প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের ঘনিষ্ট সহযোগীকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এরপর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পি কে হালদারের সহযোগী গ্রেপ্তার তাজবীর হাসানের (৩৫) রিমান্ড শুনানির জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ূম হোসেন নয়ন বলেন, আসামি তাজবীর হাসান পি কে হালদারের সহযোগী। তার বিরুদ্ধে মানিলন্ডারিং, প্রতারণাসহ নানা অভিযোগ আছে। সেজন্য আজ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন।

শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন।

জিডিতে বলা হয়, তুরস্কে যাওয়ার পথে তাজবীর হাসানকে আটক করা হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তুরস্কসহ আরও একটি দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট গ্রহণ করেছেন। গোয়েন্দা তথ্য মতে, তিনি পি কে হালদারের ঘনিষ্ঠ সহযোগী। সেজন্য তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

রিমান্ড আবেদন বলা হয়েছে, আসামির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান রয়েছে। তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ থাকার কথা জানা যায়। তিনি পিকে হালদারের সঙ্গে বড় অংকের টাকার ১০ শতাংশের শেয়ার হোল্ডার।

এছাড়াও জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত এবং একাধিক দেশের নাগরিক। সেজন্য আসামিকে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদসহ আরও তথ্য উপাত্ত সংগ্রহের জন্য সাতদিনের রিমান্ড প্রয়োজন। তার সঙ্গে থাকা ৪১টি তুর্কি পাসপোর্ট, আইফোন ১৭ প্রো-ম্যাক্স, আইফোন ১৫ প্রোর মতো আলামতসমূহ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।

২০২০ সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎই উধাও হয়ে যায় হালট্রিপ। ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য যাত্রী ও ট্রাভেল এজেন্সি। তবে জানুয়ারি ২০২০ এ দেশ থেকে পালিয়ে গেলেও অন্তত দুটি দেশের (তুরস্ক ও ভানুয়াতু) নাগরিকত্ব গ্রহণ করেন মোহাম্মদ তাজবীর হাসান। এছাড়াও তার মাল্টার রেসিডেন্সি এবং স্পেনের গোল্ডেন ভিসা রয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত