বললেন প্রিন্স

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সরকারি কর্তৃপক্ষ গঠন করবে বিএনপি

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫৬ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সরকারি কর্তৃপক্ষ গঠন করবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, জীবনধারা বাংলাদেশি সংস্কৃতিকে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় করেছে। বিএনপি বাংলাদেশি সংস্কৃতিকে ধারণ করে এবং চর্চা, লালন ও বিকাশে কাজ করবে।

আজ শনিবার সকালে হালুয়াঘাটের রাংড়াপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি পরিদর্শনকালে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক কর্মী, সংগঠক, গীতিকার, সুরকার, কবি, সাহিত্যিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিতে পৌঁছলে একাডেমির নবনিযুক্ত পরিচালক প্রকৌশলী প্রলয় স্নাল তাকে স্বাগত জানান। এ সময় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর রীতি অনুযায়ী খুদে শিল্পীরা স্বাগত নৃত্য পরিবেশন করেন। মতবিনিময়সভা শেষে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। তিনি একাডমির বিভিন্ন ভবন ঘুরে দেখেন।

এ ছাড়া তিনি আজ বিকেলে হালুয়াঘাটের ভুবনকুড়া ইউনিয়নের আজকিপাড়া ফ্রান্সিস জেবিআর গির্জায় ইউনিয়নের গারো জাতিগোষ্ঠীর নাগরিকদের সঙ্গে মতবিনিময়সভায় মিলিত হয়ে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সকল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলকে নিয়ে রেইনবো নেশন, অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক রাষ্ট্র গড়ে তুলবে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির জনবল ও সাংস্কৃতিক উপকরণ না দেওয়ায় এবং কার্যক্রম পূর্ণাংঙ্গভাবে পরিচালিত না হওয়ায় উষ্মা ও ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব।

বীর মুক্তিযোদ্ধা সুশীল ঘাগড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে একাডেমির পরিচালক প্রকৌশলী প্রলয় স্নাল, সেন্ট এন্ড্রোজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ললিত দ্রং, প্রভাষক অপূর্ব ম্রং, প্রভাষক সরল দ্রং, ট্রাইবাল অ্যাসোসিয়েশন অব হলুয়াঘাটের চেয়ারম্যান সুভ্রত রেমা, ধোবাউড়ার চেয়ারম্যান সামুয়েল চিরান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরুণ নাফাক, অ্যাডভোকেট শুভ্রা পান্ত্রা, শ্রেয়া মানখিন লিউ চিরান, সবিতা বিবিদি প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত