আগে কিছুটা বিরতি, এর পর কোচিংয়ে দেখা যাবে বুসকেটসকে

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম

এমএলএসের চলতি মৌসুম শেষে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন ইন্টার মায়ামির মিডফিল্ডার সার্জিও বুসকেটস। এবার জানালেন, অবসরের আগে ফুটবল থেকে সাময়িক বিরতিতে যাওয়ার পরিকল্পনা করছেন। তার পর মন দেবেন কোচিং ক্যারিয়ারের দিকে। শনিবার নিউ ইংল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের জয়ের পর মায়ামির হোম ভেন্যু চেজ স্টেডিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে বুসকেটসকে সম্মান জানানো হয়।

বুসকেটস বলেন, ‘হ্যাঁ, ভবিষ্যতে আমি কোচ হতে চাই। তবে আপাতত কিছুদিনের জন্য বিশ্রাম নেবো। অনেক বছর ধরে ফুটবল খেলছি, উইকেন্ডও প্রায় কাটেনি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতা যেমন দারুণ, তেমনি সময়ও কমে যায়। এখন চাই পরিবারকে সময় দিতে, নিজের জন্য সময় রাখতে, সন্তানদের সঙ্গে সময় কাটাতে, ভ্রমণ করতে, ফুটবলকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে। ভবিষ্যতে কী হয় দেখা যাবে। আপাতত বর্তমানেই মনোযোগ দিতে চাই, কারণ এখনো অনেকটা পথ বাকি।’

প্রায় দুই দশকের ক্যারিয়ার শেষে অবসরে যাচ্ছেন বুসকেটস। ২০০৮ সালে বার্সেলোনার জার্সিতে অভিষেকের পর তিনি হয়ে ওঠেন লা লিগার এই ক্লাবটির অপরিহার্য সদস্য। পরে স্পেন জাতীয় দল এবং ইন্টার মায়ামির হয়েও সাফল্য এনে দিয়েছেন তিনি। বুসকেটস জানান, ‘আমি সবসময় চাই, নিজের ইচ্ছায় সুন্দরভাবে বিদায় নিতে। আমি এখনো খেলতে পারি, শারীরিকভাবে ভালো আছি, মৌসুমে অনেক ম্যাচ খেলি। তবে আমি আর ২০ বছরের তরুণ নই। এখন দলের জন্য সহায়তা করতে চাই। মনে হচ্ছে, এটাই সঠিক সময় অবসরের। শুধু শারীরিক নয়, মানসিকভাবেও এ সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আমি খুবই খুশি—নিজের সিদ্ধান্তে, নিজের যাত্রাপথে, এবং স্বপ্নপূরণের জন্য। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখেছি, বার্সেলোনা ও মায়ামির মতো জায়গায় তা পূরণ করতে পেরেছি। এখন চাই আরও কিছু ম্যাচ খেলে মাঠের অন্য প্রান্তে দাঁড়িয়ে নতুন অধ্যায় শুরু করতে।’

ইন্টার মায়ামির হয়ে বুসকেটস ইতোমধ্যেই ইতিহাস গড়েছেন। ২০২৩ সালে লিগস কাপ, এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের রেকর্ড গড়ে ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড ট্রফি জেতা দলটির অংশ ছিলেন তিনি।  প্লে-অফ নিশ্চিত করায় ৩৭ বছর বয়সী বুসকেটসকে সামনে আরও কিছু ম্যাচ খেলতে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত