জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ম্যাচে গতকাল সেঞ্চুরি করেন ‘টেস্ট বিশেষজ্ঞ’ হিসেবে পরিচিত ওপেনার সাদমান ইসলাম। একদিন পর, আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন টেস্টে তারই উদ্বোধনী জুটির পার্টনার মাহমুদুল হাসান জয়। দুশোর বেশি সংগ্রহ করা চট্টগ্রাম ম্যাচ জিতেছে ৯৯ রানের ব্যবধানে। আর এই বাজে হারে আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সিলেটের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন জয় ও মুমিনুল হক। ৩ ছক্কায় ১৯ বলে ৩২ রানের ইনিংসের পর থামেন মুুমিনুল। আরেক প্রান্ত ধরে রেখে ৫৯ বলে তিন অঙক্ ছোঁন জয়। ইনিংসে হাঁকান ৯ ছক্কা ও ৫ চার। আউট হন ৬৩ বলে ১১০ রান করে। দুই ছক্কায় ২২ বলে ৪১ রানের ইনিংস খেলেন ইরফান শুক্কুর। তাতে ৬ উইকেটে ২১৪ রানের পুঁজি পায় চট্টগ্রাম। সিলেটের তোফায়েল আহমেদ নেন ৩ উইকেট।
জবাবে অমিত হাসানের ৪০ আর আবু জায়েদ রাহীর ৩৭ রানের ইনিংস দুটো ছাড়া সিলেটের বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ৬৬ থেকে ৭৯ রানের মধ্যে ফেরেন ৭ ব্যাটসম্যান। মোহাম্মদ রুবেল ৩টি, আহমেদ শরীফ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। তাতে সিলেট গুটিয়ে যায় মাত্র ১১৫ রানেই। এ জয়ে এক ম্যাচ হাতে থাকা চট্টগ্রাম ৯ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে। প্লে-অফ খেলাও নিশ্চিত হয়েছে চট্টগ্রামের। ৬ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া সিলেট ঝড়ে গেল এনসিএলের এবারের আসর থেকে।
আরেকটি হ্যান্ডশেক বিতর্ক উসকে দিতে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান
মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে দুই ম্যাচ পর জিতেও সাপোর্টার্স শিল্ড খোয়ালো মায়ামি