কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ট্রেনে শ্লীলতাহানি, আটক ৫

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৭:২৩ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন।

আটককৃতরা হলেন, তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন ও মো. ফাহিম হোসেন। 

অভিযোগে মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। আটককৃতদের পাশাপাশি আরও কয়েকজনের নাম রয়েছে তাহামিন আহাম্মেদ, মো. নাঈম উদ্দিন, ফাহিম হোসেন ও মো. নাজমুল। ভুক্তভোগী নারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (৫ অক্টোবর) দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ফেরার উদ্দেশে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মনতলা রেল স্টেশনে এলে আটক ব্যক্তিরা ছাড়াও আরও কয়েকজন এসে আমাদেরকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। 

তাদের বাজে আচরণে আপত্তি জানালে আরও খারাপ ভাষায় গালাগালি এবং উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে বিকাল ৫টার দিকে দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা সাকিনস্থ রেল স্টেশনে তানভীর হোসেন নাজিম অন্যান্যদের সহায়তায় যৌন হয়রানির উদ্দেশে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। 

ভুক্তভোগীর স্বামী আতিকুর রহমান শিপন বলেন, ট্রেনে ওঠার পর কিছু ছেলে আমাদের সঙ্গে বাজে আচরণ করতে থাকে। বাধা দিলে তারা উল্টো হুমকি দেয় এবং আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। পরে রেলওয়ে পুলিশ ও থানা পুলিশের সহায়তায় ৫ জনকে আটক করা হয়।

এ বিষয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তায় পাঁচজনকে আটক করি। যেহেতু ঘটনাটি ট্রেনে ঘটেছে, তাই লাকসাম রেলওয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ট্রেনে এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত