জর্দি আলবার অবসর ঘোষণায় মেসি, 'এখন কে আমায় পাস দেবে!'

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২২ এএম

‎‎দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু জর্দি আলবার অবসরের ঘোষণায় আবেগাপ্লুত হয়েছেন লিওনেল মেসি। ৩৬ বছর বয়সে আলবা ঘোষণা দিয়েছেন, চলতি ২০২৫ মৌসুম শেষে তিনি ফুটবলকে বিদায় জানাবেন।

‎আলবা মে মাসে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৭ পর্যন্ত নতুন চুক্তি করলেও, মঙ্গলবার হঠাৎ করেই জানিয়ে দেন—এ মৌসুম শেষে আর মাঠে নামবেন না। বার্সেলোনা ও ইন্টার মায়ামিতে একসঙ্গে ৪০০টির বেশি ম্যাচ খেলা এই স্প্যানিশ তারকার অবসরে গভীর অনুভূতি প্রকাশ করেছেন মেসি।

‎ইনস্টাগ্রামে আলবার পোস্টে মেসি লিখেছেন, 'ধন্যবাদ জর্দি। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে খেলার পর বাঁ দিকের দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে। তুমি আমাকে এত বছর যত অ্যাসিস্ট দিয়েছ... এখন কে আমায় পাস দেবে?'

‎২০১২–১৩ মৌসুমে বার্সেলোনায় একসঙ্গে খেলা শুরু করেন মেসি ও আলবা। তারপরের এক দশকে তাদের জুটি ইউরোপীয় ফুটবলে অন্যতম সফল জুটি হয়ে ওঠে। তারা একসঙ্গে জিতেছেন—৫টি লা লিগা শিরোপা,  ৫টি কোপা দেল রে, ৩টি স্প্যানিশ সুপার কাপ, ২০১৫ সালের উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ও২০১৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর আবারও একসঙ্গে হন এই দুই তারকা। যুক্তরাষ্ট্রে তারা লিগস কাপ জেতেন এবং ২০২৪ সালে দলকে রেকর্ডসংখ্যক জয়ে সহায়তা করেন। এখন তাদের চোখ মৌসুমের শেষ বড় লক্ষ্য—এমএলএস কাপ জেতা।

‎অবসরের ঘোষণায় আলবা বলেন, 'আমি পূর্ণ বিশ্বাস, শান্তি ও আনন্দ নিয়ে এই সিদ্ধান্ত নিচ্ছি। জীবনের এই অধ্যায় শেষ করার এখনই সঠিক সময়। ফুটবলের প্রতি আমার সমস্ত আবেগ ও পরিশ্রম দিয়েছি, এখন নতুন অধ্যায় শুরু করার পালা।'

‎মেসি-আলবা জুটি মিলে এখন পর্যন্ত ৪১৩টি ম্যাচ খেলেছেন, যেখানে তারা সরাসরি ৪৮টি গোল তৈরিতে জড়িত ছিলেন। এটি মেসির সতীর্থদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ। মেসির সঙ্গে সবচেয়ে বেশি গোলের অংশীদারিত্ব আছে লুইস সুয়ারেজের (১২০), এরপর নেইমার (৬৭), পেদ্রো (৫৪) ও ইনিয়েস্তার (৫৩)।

‎আলবা মেসির অন্যতম সফল সতীর্থও—তারা একসঙ্গে জিতেছেন ২৭৭টি ম্যাচ। মেসির চেয়ে বেশি জয়ী সতীর্থরা হলেন বুসকেটস, পিকে, ইনিয়েস্তা ও মাসচেরানো।

‎মেসি বর্তমানে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্বে থাকায় ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে (১১ অক্টোবর, আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে) খেলতে পারবেন না। তবে সম্ভবত ১৮ অক্টোবর ন্যাশভিল এসসির বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে তারা শেষবারের মতো একসঙ্গে মাঠে নামতে পারেন।


×
সর্বশেষ সর্বাধিক পঠিত