বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান করার তথ্য ১৩ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের টেলিটকের নির্ধারিত লিংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ তাঁদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd -এ প্রবেশ করবেন। সেখানে Joining Status অপশনে গিয়ে প্রার্থী যোগদান করলে ‘Yes’ এবং যোগদান না করলে ‘No’ ক্লিক করতে হবে। প্রার্থী যোগদান না করলে ‘Reason’ ঘরে সম্ভাব্য কারণও উল্লেখ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫”-এর আওতায় ১৯ আগস্ট প্রার্থীদের সুপারিশ করা হয়। এরপর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র ইস্যু করার নির্দেশনা দেওয়া হয়েছিল। নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীদের ৭ কার্যদিবসের মধ্যে প্রতিষ্ঠানে যোগদান করতে বলা হয়। প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানদের টেলিটকের ওয়েবসাইটে গিয়ে যোগদানের তথ্য আপডেট করতে হবে।
এনটিআরসিএ বলেছে, এই প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অসম্পূর্ণ হিসেবে গণ্য হবে এবং পরবর্তী প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব ঘটতে পারে।
রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
শাহরুখের রেড চিলিজের বিরুদ্ধে সমন জারি