চলন্ত বাসে যাত্রীকে অজ্ঞান করে টাকা লুটের সময় ৫ প্রতারক আটক

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম

রাজধানীতে চলন্ত বাসে এক যাত্রীকে অজ্ঞান করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় ৫ প্রতারককে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছেন বাসযাত্রী শিক্ষার্থীরা।

আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের হাতিরঝিল থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। ভুক্তভোগী অচেতন বাসযাত্রী আব্দুল মান্নানকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানান, দুপুরে হাতিরঝিল রেইনবো ক্রসিংয়ে গুলিস্থানগামী গাজীপুর পরিবহনের একটি বাসের ভেতর থেকে অচেতন আব্দুল মান্নানকে উদ্ধার করা হয়। এ সময় গণধোলাইয়ে আহত ৫ জনকে আটক করা হয়। ভুক্তভোগী আব্দুল মান্নানকে (৪২) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আর গণধোলাইয়ের শিকার ওই ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হলেন- আব্দুর রশিদ  (৪৭), কামাল হোসেন (৪৫), বিল্লাল হোসেন (২৪), নুর আলম (৪৬) ও ওসমান আলী (৪০)।

তিনি আরও জানান, আব্দুল মান্নানের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। বর্তমানে উত্তরা ৩৩ নম্বর রোডের ৯ সেক্টরের একটি বাসার কেয়ারটেকার। চলন্ত বাসে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে আচারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এরপর কৌশলে খাইয়ে দেন। এরপরই তিনি বাসের মধ্যে অচেতন হয়ে পড়েন। কিছুক্ষণ পর তার কাছ থাকা প্রায় ৬০ হাজার টাকা প্রতারক চক্র হাতিয়ে নেওয়ার সময় বাসে থাকা বেশকিছু শিক্ষার্থী টের পেয়ে যান। তখন অজ্ঞানপাটির সদস্যদের হাতে নাতে ধরে গণধোলাই দেন। এ সময় তাদের কাছ থেকে টাকাগুলোও উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত