সুনামির আশঙ্কা

৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রথমটি ছিল ৭ দশমিক ৬ মাত্রার এবং অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়টি ৭ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পের পরই দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র (প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার) এক বিবৃতিতে জানিয়েছে, সাগরে ঢেউয়ের উচ্চতা ফিলিপাইনের কিছু এলাকায় ১০ ফুট পর্যন্ত উঠতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, প্রতিবেশী ইন্দোনেশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউয়েও জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যেখানে ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুট পর্যন্ত হতে পারে।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের মানায় শহরে আঘাত হানে প্রথম ভূমিকম্প। কয়েক মিনিটের ব্যবধানে আসে দ্বিতীয় কম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে।

শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় রয়েছে এবং উপকূলীয় এলাকাগুলোতে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত