‘মিডফিল্ড জেনারেল’ কাসেমিরো আবার ব্রাজিলের অধিনায়ক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো আবারও জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন। আগামী শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের হয়ে ১৭তমবারের মতো নেতৃত্ব দেবেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা খেলোয়াড়।

দুই বছরের বিরতির পর এই দায়িত্বে ফিরছেন ৩৩ বছর বয়সী কাসেমিরো। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে নেতৃত্বে দেখা গিয়েছিল। নতুন কোচ কার্লো আনচেলত্তি, যিনি দীর্ঘদিন রিয়াল মাদ্রিদে কাসেমিরোর কোচ ছিলেন, তার ওপর পূর্ণ আস্থা রেখে আবারও নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন।

প্রেস কনফারেন্সে কাসেমিরো বলেন, ‘আমি বিশ্বাস করি দলে একাধিক নেতা থাকে, এবং প্রত্যেকে নিজের মতো করে নেতৃত্ব দেয়। আমি সাধারণত উদাহরণ দিয়ে নেতৃত্ব দিতে পছন্দ করি—কীভাবে কাজ করতে হয়, কীভাবে অনুশীলন করতে হয়, এসব দেখিয়ে তরুণদের শেখাই।’

রিয়াল মাদ্রিদে দীর্ঘ সময় আনচেলত্তির অধীনে খেলার অভিজ্ঞতা তার এই নতুন অধ্যায়ে সহায়তা করছে বলেও জানান তিনি, ‘কোচের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। এতে পারস্পরিক আস্থা তৈরি হয়েছে। আমি সবসময় চাই তরুণদের সামনে উদাহরণ স্থাপন করতে—প্রথমে আসা, জিমে কঠোর পরিশ্রম করা, কাজের প্রতি নিবেদিত থাকা—এসবই নেতৃত্বের অংশ।’

ব্রাজিল শুক্রবার সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের পর মঙ্গলবার জাপানের টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে। ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুটি ম্যাচকে দেখছেন আনচেলত্তি, যেখানে তিনি তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ দল গঠনের চেষ্টা করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত