গাজায় যুদ্ধবিরতির পেছনে ট্রাম্প–মুসলিম নেতাদের বৈঠক

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, জাতিসংঘে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক গাজায় শান্তিচুক্তি সম্পাদনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

শুক্রবার (১০ অক্টোবর) ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রুবিও জানিয়েছেন, গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প আটটি আরব বা মুসলিম-অধ্যুষিত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইল–হামাস সংঘাতের অবসান এবং যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এরপর ট্রাম্প ওয়াশিংটনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে দুজনেই যুদ্ধ শেষ করার লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা রূপরেখার প্রতি সম্মতি দেন।

রুবিও জানান, এরপর ট্রাম্পের আলোচক দল কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাসকে আলোচনায় আনতে তৎপর হয়। ট্রাম্প নিজেও বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে ফোনালাপ ও বৈঠক করেন, যা ছিল অত্যন্ত তীব্র ও অঙ্গীকারপূর্ণ কূটনৈতিক উদ্যোগের অংশ।

রুবিও বলেন, “যা ঘটেছে, এটি মূলত এক মানবিক গল্প। পুরো ঘটনাটি হয়তো একদিন বিস্তারিতভাবে বলা হবে। তবে নিশ্চিতভাবে বলা যায়—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি যুক্ত না থাকলে এই সাফল্য সম্ভব হতো না।”

বৃহস্পতিবার ট্রাম্প কাতার, মিসর, তুরস্ক, সৌদি আরব, জর্ডান ও ইন্দোনেশিয়ার নেতাদের ধন্যবাদ জানিয়েছেন গাজা শান্তিচুক্তি সফল করতে সহায়তার জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত