ইসরায়েল থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। তিনি নিরাপদে তুরস্ক পৌঁছেছেন। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে স্বাগত জানান।
তুরস্কে পৌঁছে শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় শহিদুল আলম ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ সাধারণ পরিষদে তার বার্তার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি তার পোস্টে জোর দাবি জানান, এখনই দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই তা বাস্তবায়ন করতে হবে।
এদিকে, শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করতে এবং তার প্রত্যাবর্তনে সহায়তা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।
