দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী।
এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালায় নৌবাহিনী।
আইএসপিআর জানায়, অভিযানের সময় মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আবদুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি তাজা পিস্তল বুলেট, একটি দেশীয় শটগান, পাঁচ রাউন্ড তাজা শটগান কার্তুজ এবং নয়টি দেশীয় অস্ত্র।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক এবং দুষ্কৃতিকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
