টেস্টের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটি কাল রবিবার থেকে লাহোরে খেলতে নামছে পাকিস্তান। দলকে নেতৃত্ব দেবেন শান মাসুদ।
প্রথম টেস্টে পাকিস্তান সাত ব্যাটার, দুই পেসার ও দুই স্পিনার নিয়ে ভারসাম্যপূর্ণ একাদশ গড়েছে। এ ম্যাচে পাকিস্তানের একাদশে থাকছেন দুই আফ্রিদি—বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি ও বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি।
ডানহাতি অফ স্পিনার সাজিদ খান ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি, যিনি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন গড়ে ২৫.৪৯ হারে। আসিফের সঙ্গে স্পিন বিভাগে থাকছেন অভিজ্ঞ বাঁহাতি বোলার নোমান আলি, যিনি ১৯ টেস্টে ৮৩ উইকেট নিয়েছেন গড়ে ২৪.৭৫ হারে।
এক বছর পর টেস্ট দলে ফিরছেন শাহীন শাহ আফ্রিদি। নতুন বল হাতে তাঁকে সঙ্গ দেবেন হাসান আলি। শাহীনের ঝুলিতে ৩১ টেস্টে ১১৬ উইকেট, আর হাসানের ২৪ টেস্টে ৮০ উইকেট। হাসানের শেষ টেস্ট ছিল ২০২৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে।
ব্যাট হাতে পাকিস্তানের ইনিংস শুরু করবেন ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ:
ইমাম-উল-হক, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলি, নুমান আলি ও আসিফ আফ্রিদি।
আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিতে চায় ব্রাজিল