কক্সবাজার টেকনাফের সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় অপহরণকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন, আক্তার হোসেন, হামিম ও আরফাত উল্লাহ।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, শুক্রবার ( ১০ অক্টোবর) সকালে অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে আসা তিন ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় র্যাব- ১৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালীন সময়ে চারজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি জানান, এজাহারনামীয় আসামিরাসহ অজ্ঞাতনামা ২/৩ জন অপহরণকারী ভিকটিমদের মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে প্রলোভন দেখিয়ে টেকনাফ নিয়ে আসে এবং আটক করে। পরে ভিকটিমগণ বিষয়টি বুঝতে পেরে ধস্তাধস্তি করে অপহরণকারীদের পরাস্থ করে পালিয়ে সিপিসি-১ কার্যালয়ে এসে আশ্রয় প্রার্থনা করে ও অভিযোগ করে।
ভিকটিম মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান।
