ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই ট্রাক জব্দ করা হয়। রবিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা জেলা দক্ষিণ ডিবি অফিসে সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর কবীর এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন মো.বিল্লাল ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. সজিব শিকদার (২৮), মো. সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।
সংবাদ সম্মেলনে জানা হয়, গত ৫ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার এলাকা থেকে মজিবুর রহমান নামে এক ব্যক্তির ড্রাম ট্রাক চুরি হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১১ অক্টোবর মামলা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেনের একটি টিম কেরানীগঞ্জ, সাভার ও যশোরে একাধিক অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তানসহ চারটি চোরাই ট্রাক উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছের তারা দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও পিকআপ চুরি করে যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
