মৌলভীবাজারে ‘জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন’সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। রবিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে জেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
সমাবেশ শেষে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে তাদের ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করে। জেলা প্রশাসক জামায়াত নেতৃবৃন্দকে আন্তরিকতার সঙ্গে স্বাগত জানিয়ে স্মারকলিপিটি গ্রহণ করেন এবং তা মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রেরণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।
আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তাতে গণভোটের আয়োজন করা; জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
