সৈকতের বালিয়াড়ি থেকে দোকান উচ্ছেদ শুরু

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম

কক্সবাজার সৈকতের বালিয়াড়ি এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অর্ধশত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে অংশ নেওয়া ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে সৈকতের বালিয়াড়ি দখলে বসানো অন্তত ৫০টি দোকানপাট ও স্থাপনা অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়। এর আগে দুপুর ২ টার মধ্যে মালিকদের নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে সময়সীমা বেঁধে দেওয়া হয়ছিল। কিন্তু স্থাপনাগুলো নিজেরা সরিয়ে না নেওয়ায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  (এডিএম ) মো. শাহিদুল আলম বলেন, সৈকতের বালিয়াড়ি দখল করে বসানো স্থাপনা শনিবার (১১ অক্টোবর ) রাতের মধ্যে সরানোর জন্য প্রশাসন নির্দেশনা জারি করে। কিন্তু রবিবার দুপুর পর্যন্ত বেশ কিছু স্থাপনা বালিয়াড়ি থেকে না সরানোয় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

গত এক বছরে কক্সবাজার শহরের নাজিরারটেক, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতে কয়েকশ দোকান-পাট ও স্থাপনা তৈরি করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত