মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ প্রবাসী আটক

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম

মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন দেশের ৬২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন- মিয়ানমারের ৩০ জন, ইন্দোনেশিয়া ৫, বাংলাদেশ ৩, ভারত ২, নেপাল ১, শ্রীলঙ্কা ১, মিয়ানমার ১৪ নারী, ইন্দোনেশিয়ার ৩, ভিয়েতনামের ২ নারী এবং মিয়ানমারের একজন শিশু নাগরিক।

রবিবার (১২ অক্টোবর) রাতে শহরের দুই ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে অভিযান শুরু হয়। সন্দেহভাজন দুই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। ওখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল।

তিনি জানান, অভিযানটি পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট, যার সঙ্গে সহযোগিতা করে মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির সুলতান ইস্কান্দার ভবনের টিম।

মোট ১৪৩ জনের পরিচয় যাচাইয়ের পর ৬২ জনকে আটক করা হয়। তাদের বয়স তিন থেকে ৫০ বছরের মধ্যে।

মোহাম্মদ রুসদি বলেন, আটকদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে- বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং ভিসা অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা।

এছাড়া দুই রেস্টুরেন্টের স্থানীয় মালিককেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে বিদেশি কর্মী নিয়োগের অভিযোগ আনা হবে। অভিযান চলাকালে তিনজন সাক্ষীকে তদন্তে সহায়তার জন্য বোরাং ২৯ (ফর্ম ২৯) প্রদান করা হয়েছে।

আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।

রুসদি জনসাধারণকে আহ্বান জানান, অবৈধ অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে, যেন জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত