আফ্রিকার ঘানা পঞ্চমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। অন্যদিকে ইউরোপের ছোট্ট দ্বীপদেশ ফারো আইল্যান্ড চেক রিপাবলিককে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছে।
ঘানার গৌরবময় প্রত্যাবর্তন
রবিবার আক্রায় কোমোরোসকে ১-০ গোলে হারিয়ে ঘানা নিশ্চিত করেছে ২০২৬ সালের বিশ্বকাপে তাদের জায়গা। টটেনহ্যামের ফরোয়ার্ড মোহাম্মদ কুদুসের দ্বিতীয়ার্ধের একমাত্র গোলই ঘানাকে এনে দিয়েছে সেই কাঙ্ক্ষিত সাফল্য। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ আই-এ শীর্ষে শেষ করেছে, আর মালির কাছে ৪-১ গোলে হেরে বিদায় নিয়েছে দ্বিতীয় স্থানে থাকা মাদাগাস্কার।
উত্তর আফ্রিকার বাইরে ঘানাই প্রথম দেশ, যারা ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল। তাদের আগে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়া পা রেখেছে ফুটবলের মহাযজ্ঞে। সব মিলিয়ে রবিবার পর্যন্ত ৪৮ দেশের মধ্যে ২১টি দেশের আমেরিকা বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো।
২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলার পর ঘানা খেলেছে ২০১০, ২০১৪ ও ২০২২ আসরেও।
ফারো আইল্যান্ডের রূপকথা
ইউরোপের উত্তরের ছোট্ট দেশ ফারো আইল্যান্ড লিখছে ইতিহাসের নতুন পাতা। মাত্র ৫৫ হাজার মানুষের এই দেশ ২-১ গোলে হারিয়েছে চেক রিপাবলিককে। ইতিহাসে প্রথমবার টানা তিন জয়ে প্লে-অফের আশা বাচিয়ে রেখেছে।
টরশভনের ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল স্বাগতিকরা। আরনি ফ্রেডেরিকসবার্গের প্রথম দিকের শট ঠেকানো হলেও তারা পিছিয়ে যায়নি। ফিফা র্যাংকিংয়ে ১৩৬তম ফারোদের বিপক্ষে ৩৯তম স্থানে থাকা চেকরা যেন পথই খুঁজে পায়নি। ফারোদের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য, আর শেষ পর্যন্ত ৮১ মিনিটে মার্টিন আগনারসনের গোলে আসে রূপকথার জয়।
এই জয়ে ফারোরা শেষ সাতটি হোম ম্যাচে মাত্র একবার হেরেছে (৩ জয়, ৩ ড্র)। এখন তারা গ্রুপে তৃতীয়, চেক রিপাবলিকের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। শেষ ম্যাচে তাদের মুখোমুখি হতে হবে শক্তিশালী ক্রোয়েশিয়ার, আর চেকদের প্রতিপক্ষ দুর্বল জিব্রালটার। সমীকরণ কঠিন, কিন্তু স্বপ্ন এখনো বেঁচে আছে। গ্রুপে দ্বিতীয় হতে পারলে ইউরো অঞ্চলের প্লে-অফে খেলবে ফারো আইল্যান্ড।
টিভিতে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচ