১৪ বছর বয়সেই নেতৃত্বে ভারতের বৈভব সূর্যবংশী

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০৫ পিএম

১৪ বছর বয়সেই অনেক কিছু অর্জন করছেন বৈভব সূর্যবংশী। ভারতের উঠতি এই ক্রিকেট প্রতিভা এখন নেতৃত্বও দেবেন। আসন্ন রনজি ট্রফিতে তাকে বিহার রাজ্য দলের সহ-অধিনায়ক করা হয়েছে। দলটির নেতৃত্ব দেবেন ব্যাটার সাকিবুল গনি।

সাকিব ও সূর্যবংশীর নেতৃত্বে বিহার দল ২৫ অক্টোবর থেকে মনিপুরের বিপক্ষে রনজির প্রথম ম্যাচ খেলবে। 

অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফরম্যান্সের পর বৈভবকে সহ-অধিনায়ক করা হয়। ব্রিসবেনে চার দিনের প্রথম ম্যাচে তিনি ৭৮ বলে সেঞ্চুরি করেন এবং তিন ইনিংসে ১৩৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। তার পারফরম্যান্সে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জেতে।

২০২৪ সালের জানুয়ারিতে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভবের। এখন পর্যন্ত তিনি পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে ১০ ইনিংসে মোট ১০০ রান করেছেন, সর্বোচ্চ স্কোর ৪১।

আইপিএল ২০২৫ মৌসুমে বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের হয়ে সাত ম্যাচে ২৫২ রান করেন—গড় ৩৬, স্ট্রাইক রেট ২০৬.৫৫। এই সময়ে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি করেন। রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে জয়পুরে মাত্র ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে বৈভব ইতিহাস গড়েন, যা পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত