মেসি কি আর্জেন্টিনার নাকি ইন্টার মায়ামির 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ পিএম

মেজর লিগ সকারের মৌসুমের শেষ দিকের ম্যাচে ইন্টার মায়ামি দাপুটে জয় পেয়েছে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। শনিবার লিওনেল মেসির জোড়া গোল ও এক অ্যাসিস্টে ৪–০ ব্যবধানে জিতে নেয় দলটি। তবে এই ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মেসিকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানোর মধ্যে কথোপকথন।

আগের দিন মেসি জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেননি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্কালোনি সে ম্যাচে ১–০ ব্যবধানে জয় পেয়েছিলেন। অনেকেই ধারণা করেছিলেন, মেসির না খেলার বিষয়টি ইনজুরি বা বিশ্রামের কারণে। কিন্তু মাশচেরানো জানালেন, এটি স্কালোনির সিদ্ধান্তেই হয়েছে। 

'খেলার আগের দিন আমি স্কালোনির সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানান, ভেনেজুয়েলার বিপক্ষে মেসিকে ব্যবহার করবেন না এবং তাঁকে ছেড়ে দিচ্ছেন। এরপর আমি লিওর সঙ্গে কথা বলি যেন আজকের ম্যাচে সে খেলতে পারে। এর চেয়ে বেশি কিছু নয়।'

তিনি আরও যোগ করেন, 'স্কালোনি এই ম্যাচে অন্য খেলোয়াড়দের পরীক্ষা করতে চেয়েছিলেন। সেটি তাঁর সিদ্ধান্ত ছিল। যেহেতু মেসি আগের দিন খেলেননি, তাই আমরা সুযোগটা কাজে লাগিয়েছি। মেসিও রাজি ছিল খেলতে, যদিও পুরো সপ্তাহ সে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ছিল।'

অন্যদিকে স্কালোনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন মেসিকে না খেলানোর বিষয়ে, 'আমি সিদ্ধান্ত নিয়েছিলাম লিওকে না খেলানোর। আমরা লাউতারো ও জুলিয়ানকে (আলভারেজ) পরীক্ষা করতে চেয়েছিলাম। বেঞ্চে ফ্লাকো লোপেজও ছিল। শেষ পর্যন্ত সে নামতে পারেনি, তাই পরের ম্যাচে সুযোগ পাবে। সিদ্ধান্তটা পুরোপুরি আমার ছিল।'

ভেনেজুয়েলা ম্যাচ না খেললেও মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেন করেন লিওনেল মেসি। মাশচেরানো বলেন, 'আমরা সবাই জানি, মেসি একেবারে অনন্য একজন খেলোয়াড়। যদিও সে আমাদের সঙ্গে অনুশীলন করেনি, তবুও আজকে মাঠে যা করেছে, তা অবিশ্বাস্য। সে আমাদের জিততে সাহায্য করেছে এবং নিজের জন্যও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এই জয়ে আমরা পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছি।'

এই জয়ে ইন্টার মায়ামি ইস্টার্ন কনফারেন্সে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে আসে। যদিও এই জয়ের পরও তাদের সাপোর্টার্স শিল্ড জেতার সুযোগ নেই। 
এখন প্রশ্ন হচ্ছে মেসি কি মায়ামির হয়ে আর্জেন্টিনার পরের ম্যাচে খেলবেন। মঙ্গলবার পুয়ের্তো রিকোর এই ম্যাচটি মেসির ক্লাব হোমগ্রাউন্ড চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর ১৮ তারিখ ন্যাশভিলের বিপক্ষে মায়ামির শেষ লিগ ম্যাচ। মাশচেরানো জানিয়েছেন, 'আমি জানি না পরের ধাপে কী হবে। ম্যাচটা মাত্র শেষ হলো, রবিবার ও সোমবার আমাদের ছুটি। এখনো স্কালোনি বা জাতীয় দলের কারও সঙ্গে কথা হয়নি। ওদের কাছ থেকে যোগাযোগ এলে তখন দেখা যাবে।'

স্কালোনি ইঙ্গিত দিয়েছেন সেই ম্যাচেও মেসিকে না খেলোনোর, 'মঙ্গলবার (পুয়ের্তো রিকোর বিপক্ষে) নতুন যারা দলে এসেছে, তারা সবাই সুযোগ পাবে। আজ যারা খেলতে পারেনি, তারা ওই ম্যাচে মাঠে নামবে। আমরা দেখতে চাই, ওরা কেমনভাবে মানিয়ে নিতে পারে এবং ভবিষ্যতের জন্য কী দিতে পারে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত