বিচ্ছেদের বেদনা ভুলতে ইন্দোনেশিয়ায় ঘুরে বেড়াচ্ছেন পাউলা বাদোসা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৫ পিএম

ক্যারিয়ারের কঠিন এক মৌসুম পেরিয়ে অবশেষে শান্তির আশ্রয় খুঁজে পেয়েছেন স্পেনের টেনিস তারকা পাউলা বাদোসা। শারীরিক ও মানসিক বিপর্যয়ের এক বছর শেষে তিনি এখন অবস্থান করছেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে কাছের মানুষদের সঙ্গে সময় কাটিয়ে শারীরিক ও মানসিক সুস্থতা অর্জনের চেষ্টা করছেন।

বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন বাদোসা, কিন্তু এরপর থেকেই তাকে ভোগাচ্ছে নানান চোট—বিশেষ করে পিঠের ব্যথা ও পেশি ছিঁড়ে যাওয়ার সমস্যা। একের পর এক প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়ে অবশেষে তিনি ঘোষণা দেন, ২০২৫ মৌসুমের বাকি সময় আর খেলবেন না। স্টেফানোস সিসিপাসের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পাউলা বাদোসার।

টেনিস ছাড়াও বাদোসার ব্যক্তিজীবনেও ভাঙন ধরে। গত জুলাইয়ে গ্রিক তারকা স্টেফানোস সিসিপাসের সঙ্গে তার বছর দুয়েকের প্রেম ভেঙে যায়। ইউরোপীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দুজনই তখন কঠিন সময় পার করছিলেন। চোট ও পারফরম্যান্সের চাপে সম্পর্কেও ফাটল ধরে। তবে বিচ্ছেদ হয়েছিল দুজনের সম্মতিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে বালিতে সময় কাটানোর কিছু ছবি শেয়ার করে বাদোসা লিখেছেন, ‘মানুষ আর স্থান – দুটোই নিরাময় করতে পারে। এটা ছিল তেমনই এক অভিজ্ঞতা। আমার জীবনের সেরা টিমের সঙ্গে অবিশ্বাস্য ভ্রমণ। ইন্দোনেশিয়া আমার হৃদয় চুরি করে নিয়েছে। ২০২৬ সালে আবার দেখা হবে। শরীর ও মন দুটোরই সময় চাই।’

ছবিগুলোতে বাদোসার সঙ্গে দেখা গেছে তার মা, ছোট বোন জানা, এবং শৈশবের বন্ধু ক্লাউদিয়া টাবার্নারকে।  চোট ও হতাশার মাঝে যারা পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাদোসা লিখেছেন, ‘যখন চারপাশ অন্ধকার মনে হয়, তখন যারা আমার ওপর বিশ্বাস রাখে, তাদের সমর্থনই আমাকে টেনে রাখে। টেনিস কোর্টে ফিরে তাদের মুখ দেখার আনন্দের চেয়ে বড় অনুভূতি আর নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত