১৮ বছর পর যুব বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৬:১৭ পিএম

সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ ফুটবল দল। কোচ দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা রোমাঞ্চকর এক সেমিফাইনালে ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে, পেয়েছে বহু প্রতীক্ষিত ফাইনালের টিকিট। এই নিয়ে ১৮ বছর পর যুব বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা।

প্রথমার্ধে দুই দলের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কলম্বিয়া শুরুতে আক্রমণাত্মক ছিল, তবে সময়ের সঙ্গে খেলার নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। তবু গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্লাসেন্তের পরিবর্তনেই আসে সাফল্য। ৭১তম মিনিটে জিয়ানলুকা প্রেস্টিয়ান্নির দারুণ এক একক প্রচেষ্টা থেকে বল পেয়ে নিখুঁতভাবে গোল করেন বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি।

৭৯তম মিনিটে কলম্বিয়ার জন রেনতেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দশ জনের দলে নেমে আসে চাপ। কিন্তু আর্জেন্টিনার রক্ষণভাগ এদিন ছিল দুর্দান্ত। গোলকিপার সান্তিনো বারবি অসাধারণ দৃঢ়তায় গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়ান। এই জয়ে ১৮ বছর পর আবারও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ফিরল আর্জেন্টিনা।

আগামী শনিবারের ফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে মরক্কোর, যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়েছে। ছয় ম্যাচে ছয় জয় পাওয়া আর্জেন্টিনা এখন স্বপ্ন দেখছে সপ্তম বিশ্বকাপ শিরোপার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত