এ আর রহমানের গোপন তথ্য ফাঁস

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৮ পিএম

অস্কারজয়ী সুরকার এ আর রহমান বরাবরই নিজের আধ্যাত্মিক দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন নিজের শান্ত, সংযত অথচ গভীর ছন্দে। কিন্তু খুব কম মানুষই জানেন, আজ যে নামে তাকে গোটা বিশ্ব চেনে ‘আল্লাহরাখা রহমান’ সেই নামটি আসলে দিয়েছিলেন এক হিন্দু জ্যোতিষী! 

এক সাক্ষাৎকারে রহমান জানিয়েছিলেন, তার জীবনের সবচেয়ে বড় রূপান্তর যা এককথায় আত্মিক ও ব্যক্তিগত, তা আসে বাবার মৃত্যুর পরই। সেখান থেকেই শুরু হয় তার নতুন পথচলা। তখন অবশ্য তার নাম ছিল দিলীপ কুমার। রহমানের কথায়, ‘সত্যি কথা বলতে কী, নিজের নামটা কোনওদিনই আমার ভাল লাগত না। মহান অভিনেতা দিলীপ কুমারের প্রতি পরম শ্রদ্ধা রেখেও বলছি, আমার নামটা যেন আমার নিজের সঙ্গে মানাত না।’ 

একদিন তার মা ছোট বোনের বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তাকে নিয়ে যান এক জ্যোতিষীর কাছে। সেই সাক্ষাৎই বদলে দেয় রহমানের জীবন। রহমানের ভাষায়, আমরা তখন সুফিবাদের পথে হাঁটতে শুরু করেছি। মা আমার বোনের কুণ্ডলী দেখাতে চেয়েছিলেন। ঠিক সেই সময় আমি নাম পাল্টানোর কথাও ভাবছিলাম। জ্যোতিষী আমাকে দেখে বললেন, ‘এই ছেলেটা খুব ইন্টারেস্টিং।’ এরপরই তিনি দু’টি নাম প্রস্তাব করেন, ‘আবদুল রহমান’ আর ‘আবদুল রহিম’। আমি সঙ্গে সঙ্গে ‘রহমান’ নামটাই ভালবেসে ফেলি। 

অবশ্য সেখানেই থামেননি সুরকারের মা। তার এক অন্তর্দৃষ্টি থেকেই আসে ছেলের নামের প্রথম অংশ আল্লাহরাখা। এ প্রসঙ্গে রহমান বলেন, ‘মা-ই বলেছিলেন, আল্লাহরাখা যোগ কর অর্থাৎ যাকে আল্লাহ রক্ষা করেন।’ সেভাবেই শুরু হয় আমার নতুন পরিচয়, এ আর রহমান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত