চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয় লাভ করেছেন নাটোরের বাগাতিপাড়ার সন্তান ও ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। তার এই বিজয়ে বাগাতিপাড়ায় নেমেছে আনন্দের জোয়ার। উপজেলা জুড়ে চলছে উৎসবের আমেজ, সর্বত্র মিষ্টি বিতরণ আর শুভেচ্ছা বিনিময়।
উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাচড়িয়া এলাকায় রনির গ্রামের বাড়িতে সকাল থেকেই ভিড় করছেন এলাকার মানুষ। কেউ মিষ্টি বিতরণ করছেন, কেউ আবার পরিবারকে অভিনন্দন জানাতে ছুটে আসছেন। স্থানীয়রা বলছেন এই বিজয় শুধু একজনের নয়, পুরো এলাকার গর্ব। তাদের ভাষায় এই বিজয় সমগ্র উত্তরবঙ্গের, এই বিজয় নাটোর জেলার, এই বিজয় বাগাতিপাড়া উপজেলার, এই বিজয় গৌরব আমাদের।
ইব্রাহিম ইসলাম রনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মোহাম্মদ এনামুল হক ও আমেনা বেগম দম্পতির ছেলে। চার ভাই বোনের মধ্যে রনিই পরিবারের বড় সন্তান। তিনি প্রাথমিক গণ্ডি পার হন পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, মাধ্যমিক মুরাদপুর পাঁচুড়িয়া উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিকপাস করেন রাজশাহী নিউ ডিগ্রি কলেজ থেকে এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যয়নরত।
বাগাতিপাড়া থানা শিবিরের সভাপতি মিঠু সরকার বলেন, ইব্রাহিম ইসলাম রনি ভিপি নির্বাচিত হওয়ায় আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিশ্বাস ও আস্থা রেখে ভোট দিয়েছেন শিবির সমর্থিত প্যানেল সেই প্রত্যাশা পূরণ করবে বলে তিনি মনে করেন।
থানা শিবিরের সেক্রেটারি শাহিন আলম বলেন, চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ২৬ জনের মধ্যে ২৪টি পদে বিজয়ী হয়েছে ছাত্রশিবির।বিজয়ে আমরা ফাগুয়াড়দিয়াড় ও মালঞ্চি বাজারসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করছি। আশা করি রনি আগামী এক বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও সোনালী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সক্ষম হবেন।
পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার সুপার শামসুল আরেফিন বলেন, গতকাল আমরা খুব চিন্তিত ছিলাম নির্বাচনের ফলাফল নিয়ে। আজ সকালে ফজরের নামাজের পর মোবাইলে দেখি রনির বিজয়ের খবর, আমি আনন্দে লাফিয়ে উঠেছি। এই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়।
রনির দাদি আমেনা বেগম (৭৫) বলেন, রনিকে নিয়ে আমার অনেক আশা। আল্লাহ আমাদের সেই আশা পূরণ করেছেন। আমি নিজে ছোটবেলা থেকে তাকে কোলে-পিঠে মানুষ করেছি, ক্লাস ফাইভ পর্যন্ত রনিকে তিনি নিজে পড়িয়েছেন বরে জানান তিনি।
রনির মা আমেনা বেগম বলেন, আমার ছেলে ভিপি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। গ্রামের মানুষও আনন্দিত। আমি গতকাল ও আজকে নফল রোজা রেখেছি ছেলের সাফল্যের জন্য। সবাই যেন তার জন্য দোয়া করে, সে যেন সবার কল্যাণে কাজ করতে পারে।
রনির বাবা মোহাম্মদ এনামুল হক বলেন, আমার ছেলে ইব্রাহিম হোসেন রনিকে মহান আল্লাহ মনোনীত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যেসব ভাই-বোন নিরলস পরিশ্রম করে তাকে বিজয়ী করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি দোয়া করি সে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থেকে সত্যিকারের সেবক হিসেবে কাজ করতে পারে।
বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামের আমির এ কে এম আফজাল হোসেন বলেন, রনি নির্বাচিত হয়ে আমাদের গর্বিত করেছে। তাই তার পিতা-মাতার সঙ্গে দেখা করতে এসেছিল, তার মা আনন্দে রোজা রেখেছেন। আমরা আশা করি, আল্লাহ তাকে সঠিকভাবে দায়িত্ব পালনের তাওফিক দেবেন এবং সে গ্রামের, জেলার ও বিশ্ববিদ্যালয়ের গৌরব বয়ে আনবে।
এ বিষয়ে ইব্রাইম ইসলাম রনি এলাকাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
