জন্মদিন উদযাপনের জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ পার্টিতে অতিরিক্ত শব্দ করে প্রতিবেশীর শান্তি ভঙ্গের অভিযোগে মামলা হয়েছে ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে।
গত ১২ জুলাই ছিল ২৫তম জন্মদিন। সে উপলক্ষ্যে ১৯ থেকে ২১ জুলাইয়ের মধ্যে রিও ডি জেনেইরোতে একটি বিলাসবহুল ভেন্যুতে এক পার্টি দেন ভিনিসিয়ুস। প্রায় ৫০০ অতিথি ছিল সেই পার্টিতে, যাদের মধ্যে রিয়াল মাদ্রিদ সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা, মার্কিন র্যাপার ট্রাভিস স্কট ও ব্রাজিলিয়ান গায়িকা আনিতাও ছিলেন।
সেখানে গান, আতশবাজি, এমনকি মেলা আকর্ষণের মতো আয়োজন ছিল। প্রতিবেশীরা অভিযোগ করেন, রাতজুড়ে চলা উচ্চস্বরে গান আর চিৎকারে এলাকা অশান্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে সামরিক পুলিশ গিয়ে শব্দ কমানোর নির্দেশ দেয়। প্রথমে অতিথিরা তা মেনে নিলেও, পুলিশ চলে যাওয়ার পর আবারও শব্দের মাত্রা বেড়ে যায় বলে অভিযোগকারীর দাবি।
ব্রাজিলের আইনে “অন্যের শান্তি বা কাজের ব্যাঘাত ঘটানো” অপরাধ হিসেবে গণ্য হয়, যার সর্বোচ্চ শাস্তি তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা। আগামী ৬ নভেম্বর মামলার প্রাথমিক শুনানি হবে। তবে দোষী প্রমাণিত হলেও ভিনিসিয়ুসের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা খুবই কম। স্থানীয় আইনি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনায় সাধারণত জরিমানার মাধ্যমে নিষ্পত্তি হয়।
ব্যক্তিগত জীবনের ভিনিসিয়ুসকে নিয়ে খবর এই প্রথম নয়। এর আগে এক মডেলের সঙ্গে ছবি প্রকাশ নিয়ে বিতর্কের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে আলোচনায় এসেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
ক্যামেরুনের প্রেসিডেন্ট নির্বাচনে কী করে ভোট দিলেন মিসরের সালাহ!
'পাওনা বিশ্বকাপ' এর মঞ্চে ফিরে লোপেতেগুইর তৃপ্তি