ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম

ভারতের ত্রিপুরা রাজ্যে গরু চুরির অভিযোগে ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। 

শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই বর্বরোচিত হত্যাকাণ্ড মানবাধিকার এবং আইনি শাসনের চরম ও অগ্রহণযোগ্য লঙ্ঘন। এই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারের প্রতি কড়া আহ্বান জানাচ্ছে যে, তারা এই ঘটনার ‘অবিলম্বে, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করুক। এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা চালাক।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে বলেছে—‘জাতীয়তা নির্বিশেষে সব ব্যক্তি অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।’

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার সীমান্ত এলাকায় গরু চুরির সন্দেহে একদল দুষ্কৃতকারী তিন জন বাংলাদেশি দিনমজুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। নিহত ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া (৩৫)। পেশায় তাঁরা দিনমজুর ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত