ভোমরা স্থলবন্দরকে‘কাস্টমস হাউজ’ ঘোষণা, বাণিজ্যে বিশাল সম্ভাবনা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০১:৫০ পিএম

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এর স্বীকৃতি দেওয়া হয়।

এ বিষয়ে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানায়, এ সিদ্ধান্ত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আমদানি ও রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে এবং রাজস্ব আদায়ে অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

ভোমরা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন সরকারের এ সিদ্ধান্তকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছে।

সিঅ্যান্ডএফের সভাপতি মো. আবু হাসান ও সাধারণ সম্পাদক মো. আবু মুছা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভোমরাকে কাস্টমস হাউজ ঘোষণার মাধ্যমে এ অঞ্চলের ব্যবসা ও বাণিজ্যের সম্ভাবনা অনকে গুণ বৃদ্ধি পেয়েছে।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান বাণিজ্যকেন্দ্র কলকাতার সঙ্গে ভোমরার দূরত্ব অন্যান্য বন্দরের তুলনায় অনেক কম। ফলে ভোমরা এখন দেশের অন্যতম ব্যস্ততম স্থলবন্দরে পরিণত হবে।

এ ঘোষণা শুধু ভোমরা বন্দর নয় বরং পুরো দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চিত্র আমূল পরিবর্তন করবে বলে মনে করেন ব্যবসায়ী ও স্থানীয়রা।    

×
সর্বশেষ সর্বাধিক পঠিত