দাদা ভারতীয়, দাদী পাকিস্তানি, জন্ম বেলজিয়ামে, খেলবেন জিম্বাবুয়ে দলে!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১২:১৩ পিএম

তার সঙ্গে জড়িয়ে পড়েছে পাঁচটি দেশ ও তিনটি মহাদেশের নাম! বেলজিয়ামে জন্ম নেওয়া ভারত ও পাকিস্তানি বংশোদ্ভুত প্রতিভাবান ব্যাটার আনতুম নাকভি প্রথমবারের মতো জিম্বাবুয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে তার অভিষেক হওয়ার জোরালো সম্ভাবনা আছে।

নাকভির দাদা ছিলেন ভারতের বাসিন্দা এবং তার দাদী ছিলেন পাকিস্তানি। একপর্যায়ে সপরিবারে তারা পাড়ি জমান বেলজিয়ামের ব্রাসেলসে। নাকভির বাবা জুবাইর আমির নাকভির বেড়ে উঠা সেই বেলজিয়ামেই। তিনি পেশায় ছিলেন পাইলট। সেখানেই জন্ম হয় নাকভির। ৪ বছর বয়সে তিনি পরিবারসহ অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং পরবর্তীতে সেখানেই বাণিজ্যিক পাইলটের লাইসেন্স অর্জন করেন। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসার টানে তিনি পাইলটের পেশা ছেড়ে ক্রিকেটে মনোযোগ দেন। 

কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে খেলার সৌভাগ্য হয়নি নাকভির। তাই খুঁজে নেন নতুন দেশ- জিম্বাবুয়ে। সম্প্রতি তিনি জিম্বাবুয়ের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। গত জানুয়ারিতে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়েন, যখন মাতাবেল্যান্ড টাস্কার্সের হয়ে মিড ওয়েস্ট রাইনোসের বিপক্ষে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলেন— যা জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসে যে কোনো স্তরেই প্রথম ট্রিপল সেঞ্চুরি। এরপর থেকেই তিনি নির্বাচকদের নজরে আসেন।

এ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে নাকভির সংগ্রহ ৬৭.৭৫ গড়ে ১ হাজার ৬২৬ রান, আছে ৬টি সেঞ্চুরি। সর্বশেষ জিম্বাবুয়ে এ দলের হয়ে এমসিসির বিপক্ষে তিনি ৬৮ ও ১০৮ রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ঘোষিত ১৬ সদস্যের দলে নাকভির পাশাপাশি আছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার টিনোটেন্ডা মাপোসা। বামহাতি পেসার রিচার্ড নাগারাভা এবং অল-রাউন্ডার ব্র্যাড ইভান্সও ফিরেছেন দলে। ২০ অক্টোবর থেকে হারারেতে শুরু হবে টেস্ট ম্যাচটি।

জিম্বাবুয়ে দল: ক্রেইগ আরভিন অধিনায়ক, ব্রায়ান বেনেট, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ব্র্যাড ইভান্স, রয় কাইয়া, তানুনুরও মাকোনি, ওয়েলিংটন মাসাকাদজা, টিনোটেন্ডা মাপোসা, ব্লেসিং মুজারাবানি, আনতুম নাকভি, রিচার্ড নাগারাভা, সিকান্দার রাজা, তাফাদজওয়া চিগা, ব্রেন্ডন টেইলর, নিক ওয়েলচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত