গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার দিন আজ 

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম

গিটারের জাদুকর ও বাংলা ব্যান্ডের লিজেন্ড আইয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। ২০১৮ সালের এই দিনে মাত্র ৫৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। দেখতে দেখতে এই রকস্টারকে হারানোর সাত বছর পার হয়ে গেল। 

বাংলা ব্যান্ড সঙ্গীতের এই  কিংবদন্তী ১৯৬২ সালের ১৬ আগস্ট  চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালে মাত্র ১৫ বছর বয়সে গানকে ভালোবেসে সংগীতজীবন শুরু করেন তিনি। তার এক বছর পরেই ব্যান্ড জগতে পা রাখেন তিনি। ১৯৮০ সালে আইয়ুব বাচ্চু যোগ দেন সোলস ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে তিনি ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি)’ব্যান্ডদল গঠন করেন। ওই বছরের এপ্রিলে এলআরবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনসার্ট করে। ১৯৯২ সালের জানুয়ারিতে বাংলাদেশে প্রথম ডাবল অ্যালবাম- এলআরবি-১ ও এলআরবি-২ প্রকাশ হয়। অ্যালবাম প্রকাশের পরই শ্রোতার হৃদয়ে এলআরবি নামটা গেঁথে যায়।  এরপর আর  তাকে পেছনের দিকে তাকাতে হয়নি। একে একে প্রকাশ হতে থাকে অ্যালবাম। এলআরবির গান মানেই ছিল উন্মাদনা। তাদের তৃতীয় অ্যালবাম সুখ (১৯৯৩) ছিল অন্যতম ব্যবসাসফল অ্যালবাম। ব্যান্ডের বাইরেও আইয়ুব বাচ্চুর অসংখ্য গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা। চলচ্চিত্রের গানেও তিনি ছিলেন সফল।

যেসব গানে অমর আইয়ুব বাচ্চু: বর্ণাঢ্য সঙ্গীত জীবনে আইয়ুব বাচ্চু সৃষ্টি করেছেন বহু নন্দিত গান। এ ছাড়া অন্যান্য সঙ্গীত পরিচালকের সুরেও উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতাপ্রিয় গান। সেই লম্বা তালিকার মধ্যে উল্লেখযোগ্য ‘চলো বদলে যাই’, ‘এখন অনেক রাত’, ‘সেই তারা ভরা রাতে’, ‘মাধবী’, ‘ঘুম ভাঙা শহরে’,  ‘তিন পুরুষ’, ‘উড়াল দেব আকাশে’, ‘এক আকাশ তারা’, ‘নদীর বুকে চাঁদ, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘আমি বারো মাস’, ‘বাংলাদেশ’, ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’, ‘ফেরারি মন’, ‘সুখেরই পৃথিবী’, ‘তোমার চোখে দেখলে’, ‘মেয়ে তুমি কি দুঃখ চেনো’, ‘ও আমার সখি’, ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘এক চালা টিনের ঘর’, ‘বেলা শেষে ফিরে এসে’, ‘কবিতা’, আম্মাজান’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘এই জগৎ সংসারে’ ও ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানগুলো।

প্রকৃতির নিয়মে কিংবদন্তিদের চলে যান ঠিকই, তবে তাদের সৃষ্টির মধ্যে বেঁচে থাকেন ঠিকই। আইয়ুব বাচ্চুর মতো কণ্ঠ ও গিটার শিল্পী শতবর্ষে একবারই হয়। তিনি কিংবদন্তি, তার তুলনা চলে শুধু তার সঙ্গেই। আইয়ুব বাচ্চু বেঁচে থাকবেন তার সৃষ্টির মধ্য দিয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত