বাগাতিপাড়া

আগুনে ঘরের গরু-ছাগল মারা যাওয়ায় শোকে বৃদ্ধার মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ পিএম

নাটোরের বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গাভি ও ৪টি ছাগল পুড়ে মারা গেছে। আগুনে দগ্ধ হওয়া আরও একটি ছাগলকে পরে জবাই করতে হয়। এ ঘটনার শোকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ওই পরিবারের বৃদ্ধা মমতাজ বেগম (৭০)। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার সাধন আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সাধন ওই এলাকার মৃত মুকুল আলীর ছেলে। নিহত মমতাজ বেগম পৌর এলাকার মৃত আবেদ আলীর স্ত্রী এবং বাড়ির মালিক সাধন আলীর দাদী।

স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে সাধনের স্ত্রী লিজা বেগম ও মা অলকা বেগম রান্না করছিলেন। কিছুক্ষণের জন্য তারা বাইরে গেলে চুলার আগুন রান্না ঘর থেকে গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনে গোয়ালঘর পুড়ে যায় এবং একটি গরু ও চারটি ছাগল মারা যায়। গুরুতর দগ্ধ হওয়া আরেকটি ছাগলকে স্থানীয়রা পরে জবাই করেন। এ দৃশ্য দেখে অসুস্থ দাদী মমতাজ বেগম ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে তাদের প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মারুফ আফজাল রাজন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি। তাদের প্রয়োজনীয় সহায়তা ও খোঁজখবর নেওয়ার ব্যবস্থা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত