আবাহনীকে হারালো ব্রাদার্স, মোহামেডানকে রুখে দিলো পুলিশ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩৬ পিএম

বাংলাদেশ ফুটবল লিগে এবার হেরেই গেলো আবাহনী লিমিটেড। অন্যদিকে মোহামেডানকে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ। 

কুমিল্লা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথম রাউন্ডে রহমতগঞ্জের সঙ্গে গোলশূণ্য ড্র করা আবাহনীর জালে প্রথম গোল করেন নেপালী ফরোয়ার্ড অঞ্জন বিষ্ঠা। ৪ মিনিটে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূইয়ার অ্যাসিস্টে গোলটি করেন অঞ্জন। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্রাদার্সের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস রুদওয়েরে সিলভা। 
ইনজুরি টাইমে ব্যবধান কমিয়েছিলেন সুলেমান দিয়াবাতে। 

গাজীপুরের শহীদ রবকত স্টেডিয়ামে ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে গিয়েছিল মোহামেডান। রহমত মিয়ার লং থ্রো ক্লিয়ার করতে পারেনি পুলিশ এফসি'র ডিফন্ডাররা। বল মাটিতে পড়ার আগেই বাঁ পায়ের ভলিতে মোহামেডানকে এগিয়ে নেন রহিম উদ্দিন। এই গোলেই লিড নিয়ে বিরতিতে গিয়েছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরেছে পুলিশ। উগান্ডার মিডফিল্ডার শাফিক কাগিমুর কর্নার বক্সের জটলায় আসলে সেখান থেকে হেড করে গোল করেন শেখ মোহাম্মদ বাবলু। তাতেই এক পয়েন্ট নিশ্চিত হয় প্রথম ম্যাচে ব্রাদার্সকে হারানো পুলিশের। গতবারের চ্যাম্পিয়ন মোহামেডান প্রথম রাউন্ডে ফর্টিস এফসির কাছে হেরে গিয়েছিল। 

দুই জায়ান্টের এই পড়তি পারফরম্যান্সের সুযোগে ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে রহমতগঞ্জ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত