মানিকগঞ্জের সাটুরিয়ায় বাড়ির সামনের ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী নামে প্যারালাইজড এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পূর্ব বটতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লক্ষ্মী রাজবংশী (৯৫) ওই এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, সকালে বাড়ির সামনের ডোবার পানিতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর পাটায়। পরে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে হত্যা নাকি অপমৃত্যু তা বুঝা যাবে।
নিহতের ছেলে ঝন্টু রাজবংশী জানান, রবিবার রাত একটার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। সকালে বাড়ির সামনের ডোবায় মায়ের মরদেহ দেখতে পাই।
স্থানীয় বাসিন্দা প্রণব দাস বলেন, লক্ষ্মী রাজবংশীর তিন ছেলের কেউই তার ভরণপোষণ দিতেন না। তাই বড় মেয়ে তাকে নিজের শ্বশুরবাড়িতে রেখে দেখাশোনা করতেন। কয়েকদিন আগে বড় ছেলে রঞ্জিত মাকে নিয়ে আসেন। এরপরই এ ঘটনা ঘটে।
