ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী অর্ধ শতাধিক নেতাকর্মী

আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ০৭:৩১ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ সোমবার পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট চত্বরে এক অনুষ্ঠানে তারা ছাত্রদলে যোগ দেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা যোগদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান। যোগদানকারীরা এমরান সালেহ প্রিন্সকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এমরান সালেহ প্রিন্স বলেছেন, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীরা দেশ ও জনগণের শত্রু কেউ যদি ভেবে থাকে এসব করে নির্বাচন বিলম্বিত বা ঠেকানো যাবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির কাছে ওরা খড়কুটার মতো ভেসে যাবে।

প্রিন্স বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যম্ভাবী, হতেই হবে। অন্যথায় দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়বে। নির্বাচনকে সফল, সার্থক ও অর্থবহ করতে সকলকে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচন বিরোধী শক্তির মুখোশ উন্মোচন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা কোনো কিছু ঘটা মাত্রই বলে নির্বাচনের পরিবেশ নাই , তাদের ভিন্ন মতলব আছে। আসলেও তারা নির্বাচন চায় না।

তিনি দলে যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, কোটাবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের নির্মম ও চরম দমন নিপিড়নের মুখে আন্দোলন যখন স্থবির হয়ে পড়ছিল তখন তারেক রহমান ও বিএনপি গণঅভ্যুত্থানে নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। সকল শ্রেণি-পেশার ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে আন্দোলনকে গণঅভ্যুত্থানে পরিণত করা বিএনপির প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের একক দাবিদার সেজে আওয়ামী লীগ যেমন নিজেদের মতো মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করত, এখন গণঅভ্যুত্থানের একক দাবিদার সেজে অভ্যুত্থানে নেতৃত্বের একাংশ নতুন রাজনৈতিক দল গঠন করে অভ্যুত্থান নিয়ে নিজস্ব বয়ান দেওয়া শুরু করেছে। বিএনপিকে অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে। এসব কারণে ছাত্র অভ্যুত্থানের প্ল্যাটফর্ম ছেড়ে নেতাকর্মীরা পদত্যাগ করছেন, কিংবা বিএনপিতে যোগ দিচ্ছেন।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব আশা প্রকাশ করেন, তারা ছাত্রদলের নীতি, আদর্শ, লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে অবদান রাখবেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নাঈমুর আরেফিন পাপনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসিফ, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, যোগদানকারীদের পক্ষে ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক প্রকৌশলী দেলোয়ার হোসেন রতন, সোহাগ মিয়া, রাকিব খান, হালুয়াঘাট উপজেলা এনসিপির সদস্য নাসির উদ্দিন বাপ্পী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত