অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ১৫ সদস্যের প্রতিনিধি দল বুধবার (২২ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে যোগ দিয়েছেন।
শিক্ষাভবন মোড় থেকে তারা সচিবালয় অভিমুখে যান। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ও সদস্য সচিব মাওলানা মো. আল আমিন।
প্রতিনিধি দলে নীলফামারী, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, ময়মনসিংহ, পিরোজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বরগুনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষকরা অংশ নিয়েছেন।
শিক্ষকরা দাবি করেছেন, চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এছাড়া, এমপিওভুক্তির জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন দিতে হবে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছে— অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদরাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ, প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকায়। পদযাত্রা বন্ধের কারণে পল্টনমুখী সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
শিক্ষকরা অভিযোগ করেন, বছরের পর বছর জাতীয়করণের দাবি জানালেও বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় শিক্ষকরা দীর্ঘ সময় বিনা বেতনে কাজ করছেন।
সামান্য সম্মানী দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তারা সরকারের অবহেলার কারণে বারবার বঞ্চিত হচ্ছেন, যদিও ইসলামী শিক্ষা সম্প্রসারণ ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
শিক্ষক নেতারা আরও জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো পদক্ষেপ দেখা যায়নি। জাতীয়করণের প্রক্রিয়া দ্রুত কার্যকর না হলে তারা শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন।
