রাজশাহীতে বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:০৮ পিএম

রাজশাহী নগরীতে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। পুলিশ জানায়, ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হন তারা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০) এবং একই উপজেলার কিচনিদহা গ্রামের সৈবুর রহমান (৪৭)।

আজিজুর রহমান ও সৈবুর রহমান একই মোটরসাইকেলে চড়ে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। সিটিহাট এলাকায় ইউটার্ন নেওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের বাসটির সাথে ধাক্কা লেগে তারা দুজনই বাসের নিচে পড়ে নিহত হন। পরে বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই রামেক হাসপাতাল থেকে লাশ নিয়ে গেছেন। পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে ওসি মাছুমা মুস্তারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত