হবিগঞ্জে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০১ এএম

পারিবারিক বিরোধের জের ধরে সাদেক চৌধুরী নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার (২২ অক্টোবর) বিকেলে বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদেক চৌধুরী (১৮) ওই এলাকার লেবু মিয়ার ছেলে ও স্থানীয় শচীন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

নিহতের মামা মর্তুজ আলী জানান, তার বোন জামাই লেবু মিয়া ওই উপজেলার কাগাপাশা গ্রাম থেকে এসে পরিবার নিয়ে একই উপজেলার বলাকীপুর গ্রামে বসবাস শুরু করেন। কিছুদিন আগে দুলাভাইয়ের ভাগনা পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদ চৌধুরী ওই গ্রামের সারাজ মিয়ার মেয়েকে প্রেমের সম্পর্কে বিয়ে করের। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গ্রামের পার্শ্ববর্তী রত্না বাজারে সাদেককে একা পেয়ে সারাজ মিয়া, তার ছেলে ও ভাতিজারা হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া পথে তিনি মারা যান।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত