কালিয়াকৈরে সেই অবৈধ ক্লিনিক সিলগালা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে অন্য এক রোগীর ভিন্ন গ্রুপের রক্ত পুশে প্রসূতির মৃত্যুসহ নানা অনিয়মের অভিযোগে সেই অবৈধ ক্লিনিক সিলগালা করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়াকৈর ট্রাক ষ্টেশন এলাকার রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে অবৈধ ক্লিনিকটি সিলগালা করা হয়।

এলাকাবাসী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে অবৈধ ক্লিনিকে সিজারের মাধ্যমে প্রসূতি মা খাদিজার ছেলে সন্তান হয়।

কিন্তু সিজারকালিন সময় তারা অন্য এক রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত তার শরীরে পুশ করেন। পরে সোমবার ভোররাত পৌণে ৪টার দিকে ওই প্রসূতি মা খাদিজার মৃত্যু হয়। 

এ ঘটনায় ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত মঙ্গলবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মামুনুর রহমানের নেতৃত্বে অপর একটি টিম প্রসূতি মা খাদিজার মৃত্যুর ঘটনা তদন্ত ও পরিদর্শনে যান। এসময় তদন্তে অন্য রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত পুশ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। 

এছাড়াও লাইসেন্স নবায়ন না করে অবৈধ ভাবে নানা অনিয়মের মাধ্যমে ওই ক্লিনিকটি পরিচালিত করা হচ্ছিল। ওই প্রসূতির মৃত্যুসহ নানা অভিযোগে অবৈধ ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেন ওই সিভিল সার্জন। তার নির্দেশক্রমে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওই অবৈধ ক্লিনিকটি সিলগালা করে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসলিম মুনমুন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আরমান আলীসহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসলিম মুনমুন জানান, সিভিল সার্জন স্যারের নির্দেশক্রমে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার নামে অবৈধ ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়েছে। তবে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত