ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নাসিরউদ্দিন (৬৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে এই দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সকালে উত্তেজনার জেরে দু’গ্রুপের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত