মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠে যৌথ অভিযান চালিয়ে ৬২৬ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস অধিদপ্তর। জব্দকৃত জালের পরিমান ১৭ কোটি ৯০ লাখ মিটার।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের মুক্তারপুর এলাকা থেকে জালগুলো জব্দের পর ধলেশ্বরী নদীর তীরে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে শনিবার দুপুর ১২টার দিকে জেলা সদরের মীরকাদিম নৌ-বন্দর এলাকায় প্রেস ব্রিফিংয়ে নারায়নগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট রাকিবুল ইসলাম রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মুক্তারপুর এলাকার অবৈধ কারেন্ট জাল উৎপাদনীকারী বিভিন্ন কারখানা ও গোডাউনে অভিযান চালায়। শনিবার সকাল ৮টা পর্যন্ত ওই এলাকার ছয়টি কারখানা ও গোডাউনে তল্লাশি চালিয়ে সমুদয় অবৈধ কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দ করা জালের বাজারদর ৬২৬ কোটি ৫৯ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত জাল সদরের মীরকাদিম নৌ-বন্দর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীর তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন কোস্টগার্ড।
