ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি বিছিন্ন হয়ে যায়। বিছিন্ন বগি রেখেই অন্য বগি নিয়ে দুই কিলোমিটার গেল ইঞ্জিন। এতে ঢাকান্ডময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
গত শনিবার রাতে সাড়ে ৯টার দিকে ঢাকান্ডময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার রৌহা-কালীর বাজারের মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে।
গফরগাঁও রেলওয়ে থানার ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের কোচ নম্বর ‘ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের অন্য বগি নিয়ে ইঞ্জিন দুই কিলোমিটার চলে যাওয়ার পর চালক ঘটনাটি বুঝতে পারেন। পরে ট্রেনটিকে পুশব্যাক করে রেখে যাওয়া বগির কাছে নিয়ে আবার বগিটির হুক ঠিক করে জোড়া লাগিয়ে পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এসআই গোলাম কিবরিয়া আরও বলেন এ ঘটনা ৩০ মিনিটের জন্য ঢাকান্ডময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এতে কেউ আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটেনি। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।