এল ক্লাসিকো হারের পর বার্সেলোনার ‘পরিপক্বতার অভাব’ নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক আর্সেনাল কোচ আরসিন ওয়েঙ্গার। তার ভাষায়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ছিল যেন ‘পুরুষ বনাম বালক’-এর লড়াই।
সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে ২-১ গোলে জিতে লা লিগার শীর্ষে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। ম্যাচে জুড বেলিংহামের দারুণ থ্রু পাস থেকে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করেন, এরপর বেলিংহাম নিজেই করেন জয়সূচক গোলটি।
৩৮তম মিনিটে ফিরমিন লোপেজ গোল করে বার্সাকে ম্যাচে ফেরান। তবে বিরতির ঠিক আগে বেলিংহামের গোল আবারও ব্যবধান বাড়িয়ে দেয় এবং উত্তেজনায় ফেটে পড়ে বার্নাব্যু। দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সার এরিক গার্সিয়ার হাতে বল লাগায় পেনাল্টি পায় রিয়াল। কিন্তু গোলরক্ষক শেজনি চমৎকার সেভ করে এমবাপেকে ঠেকিয়ে দেন।
ম্যাচ শেষে বিইন স্পোর্টসের বিশ্লেষণে ওয়েঙ্গার বলেন, “জাবি আলোনসো আজ তার দলকে চমৎকারভাবে ব্যালান্স করেছেন। কিছু জায়গায় এটা ছিল পুরুষ বনাম বালকের লড়াই। রিয়ালের রক্ষণ ছিল দুর্দান্ত, কিন্তু বার্সেলোনার রক্ষণ ছিল দুর্বল। আর সামনে ওদের দাঁতই ছিল না— রবার্ট লেভানডফস্কি বা রাফিনহা কেউই ছিল না।”
ওয়েঙ্গার আরও যোগ করেন, “দ্বিতীয়ার্ধে বার্সেলোনা বল দখলে রেখেছিল ঠিকই, কিন্তু তারা কখনোই গোল করার মতো দল মনে হয়নি। রিয়ালের রক্ষণ এতটাই গোছানো ছিল, তার জন্য কৃতিত্ব দিতে হবে আলোনসোকে।”
ওয়েঙ্গারের বিশ্লেষণ অনুযায়ী, “বড় ম্যাচ মানে বড় মুহূর্তগুলো সামলানো। মবাপে সেটাই করেছে— সে জানত কখন দৌড়াতে হবে, কখন গোলের সুযোগ নিতে হবে। জুড বেলিংহামের পাস ছিল অনবদ্য, বার্সার এমন কেউ ছিল না যিনি সেই মানের পার্থক্য গড়ে দিতে পারতেন।”
চলমান লিগে একমাত্র ম্যাচটি হেরেছে রিয়াল মাদ্রিদ নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে।
এল ক্লাসিকো শেষে হাতাহাতি: লুনিনকে লাল কার্ড, পাঁচজনকে সতর্কতা