যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোটে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে বিরোধীরা করছে ইহুদি ধর্মগুরুরা।
রাজনৈতিক প্রতিপক্ষ ছাড়াও তাকে ভোট না দিতে জনগণকে তারা উৎসাহিত করছে। মামদানির বিরুদ্ধে জনমত তৈরিতে একটি চিঠিতে গণসই করছেন বিভিন্ন শহরের র্যাবাইরা।
মূলত, দেশটিতে এবছরের সামগ্রিক ইভেন্টগুলোর মধ্যে অন্যতম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এ নির্বাচনটিকে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম একজন মুসলিম মেয়র পেতে পারে নিউইয়র্কবাসী।
আগাম ভোটে প্রতিপক্ষের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন মামদানি। সবার জন্য বিনামূল্যে বাস পরিষেবা, চাইল্ড কেয়ার সার্ভিস এবং প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসীর বাড়িভাড়া মওকুফসহ বেশকিছু প্রতিশ্রুতি সামনে রেখে শহরের উদারপন্থি ভোটারদের আকৃষ্ট করছেন তিনি।
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, মামদানির পরাজয় নিশ্চিত করতে উঠে পড়ে লেগেছে নিউইয়র্কের ইহুদিরাও। মামদানি তার নির্বাচনী প্রচারণায় বার বার ইসরায়েলবিরোধী মনোভাব তুলে ধরায় শঙ্কিত তারা।
মামদানি নিউইয়র্কে ইহুদীবিদ্বেষ ছড়াচ্ছেন এমন একটি বার্তা সংযুক্ত চিঠিতে সই করছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের র্যাবাইরা। সাধারণ ইহুদি ভোটাররা যাতে মামদানিকে ভোট না দেয়, একারণেই এমন পদক্ষেপ তাদের। যেসব র্যাবাইরা সই করছে না তাদেরও তালিকা প্রস্তুত করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ।
এরইমধ্যে চিঠিতে জমা পড়েছে ১ হাজারেরও বেশি ইহুদী ধর্মগুরুর স্বাক্ষর। যা মার্কিন ইতিহাসে বিরল একটি ঘটনা। আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ মেট্রোপলিটন শহরের নগরপিতা নির্বাচন।
