চোটে প্রথম টেস্ট থেকে বাদ কামিন্স, অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্মিথ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৫১ পিএম

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে প্রথম অ্যাশেজ টেস্ট থেকে ছিটকে পড়ার খবর অবশেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে পার্থে ২১ নভেম্বর শুরু হতে যাওয়া টেস্টে তিনি খেলতে পারবেন না। তবে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, কামিন্স এই সপ্তাহেই বোলিং অনুশীলনে ফিরবেন—লক্ষ্য, দ্বিতীয় টেস্টে মাঠে ফেরা।

দলের নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ, যিনি এর আগেও কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলেছেন সফলভাবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর ব্রিসবেনে।

সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে ফিরে অস্বস্তি অনুভব করার পর কামিন্সের পিঠের চোট ধরা পড়ে—লুম্বার স্ট্রেস ইনজুরি। সেই থেকে এখনো পুরোপুরি ফিট না হওয়ায় সময় ফুরিয়ে গেছে বলে জানালেন কোচ ম্যাকডোনাল্ড।

“আমরা জানতাম সময় লাগবে চার সপ্তাহের মতো। দুর্ভাগ্যবশত প্রথম টেস্টের আগে সময় শেষ হয়ে গেছে,” বলেন তিনি। “তবে সে এই সপ্তাহে বোলিং শুরু করবে—এটাই বড় ধাপ। আমরা আশাবাদী যে ব্রিসবেন টেস্টে সে ফিরতে পারবে।”

কামিন্সের ইনজুরির পর প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে স্কট বোল্যান্ডের খেলা প্রায় নিশ্চিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে হ্যাটট্রিক করেছিলেন এই পেসার।

কামিন্স ২০১৭ সালে ইনজুরি থেকে ফিরে আসার পর থেকে অস্ট্রেলিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ফাস্ট বোলার হিসেবে নিয়মিত খেলছেন। পিঠের চোটের কারণে একসময় টানা সাড়ে পাঁচ বছর টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দল ঘোষণা হবে আগামী সপ্তাহে, শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ডের পর। কামিন্স যদিও খেলতে পারবেন না, তবুও তিনি দলসহ পার্থে যাবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত