ঢাকা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা থেকে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হয়ে বাবা-মায়ের ইচ্ছে পূরণ করেছেন কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার মো. নাজমুল ইসলাম (১৪)।
হাফেজ নাজমুল ইসলাম দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের বাসিন্দা মো. নজরুল ইসলাম ও নাসরিন আক্তার সুমি দম্পতির একমাত্র ছেলে।
রবিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার আয়োজিত ১৩তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব ২০২৫ অনুষ্ঠানে হাফেজ নাজমুল ইসলামকে মর্যাদার পাগড়ি ও সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করেন মাদরাসা কর্তৃপক্ষ।
হাফেজ নাজমুল ইসলামের বাবা নজরুল ইসলাম বলেন, “আলহামদুলিল্লাহ, কোরআনের হাফেজ হয়ে নাজমুল আমাদের স্বপ্ন পূরণ করেছে। আমরা মাদরাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। তার জন্য সবার কাছে দোয়া চাই—আল্লাহ যেন আমাদের ছেলেকে ইসলামের পথে কবুল করেন।”
হাফেজ নাজমুল ইসলামের মা নাসরিন আক্তার সুমি বলেন, “আমাদের ইচ্ছে ছিল একমাত্র ছেলেকে কোরআনের হাফেজ বানাবো। আলহামদুলিল্লাহ, আমার ছেলে হাফেজ হয়েছে—এতে আমি খুব খুশি। হুজুরদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং দোয়া চাই, যেন আমার ছেলে একজন ভালো আলেম হয়ে দেশ ও ইসলামের সেবা করতে পারে।”
