বিশ্বকাপের আগে দাবা ফেডারেশনের মুখোমুখি নিড়

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৭ পিএম

ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া ফিদে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ দাবাড়ু মনন রেজা নিড় ও ফাহাদ রহমান। বৃহস্পতিবার তাদের দেশ ছাড়ার কথা রয়েছে। তার আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশনের বিরুদ্ধে আর্থিক বিষয়ে গুরুতর অভিযোগ করেছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নিড়। তার দাবী, বিশ্বকাপে অংশগ্রহণ বাবদ ফেডারেশন সরকারের কাছে যে ডাকা চেয়েছে, তার চেয়েও অনেক কম টাকা দুই দাবাড়ুকে দেওয়া হয়েছে। 

নিজের ফেসবুকে পোস্টে মনন লেখেন, ‘আমি ও মোহাম্মদ ফাহাদ রহমানের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য দাবা ফেডারেশন ১৩ লাখ ৪৪ হাজার টাকা চেয়ে চিঠি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বাস্তবে আমরা দেড় লাখ টাকা করে দুইজনে ৩ লাখ টাকা পেয়েছি। যদি আমাদের অংশগ্রহণের জন্য এই অর্থ ক্রীড়া মন্ত্রণালয়ে চাওয়া হয়ে থাকে, তাহলে খেলোয়াড়দের মাত্র ৩ লাখ টাকা দেওয়া হলো কেন? বাকি টাকা কোথায় গেলো?’ মনন আরও লেখেন, 'ফেডারেশন বলছে যে টাকা এখনও পাওয়া যায়নি, যা সম্পূর্ণ রসিকতা বলে মনে হচ্ছে। কারণ, যদি না পাওয়া হয় তাহলে ৩ লাখ টাকা কোথা থেকে এলো। যদি সত্যিই তাই হয়, তাহলে আমি ক্রীড়া মন্ত্রণালয়কে বাংলাদেশ দাবা ফেডারেশনকে মাত্র ৩ লাখ থেকে সর্বোচ্চ ৪ লাখ টাকা দেওয়ার অনুরোধ করছি। কারণ আমরা এটাই পেয়েছি। বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় হিসাবে, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সম্মানের দাবিদার।’ 

নিড়ের অভিযোগের ব্যাখ্যায় নিজেদের অবস্থান তুলে ধরেছেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান, ‘সঠিক তথ্য না জেনেই এমন একটি পোস্ট দিয়েছে (নিড়)। সে যে চিঠিটি পোস্টের সঙ্গে দিয়েছে সেটা মন্ত্রণালয়ে চাওয়া জিও'র চিঠি। তার আগে আমরা বাজেটসহ অর্থ চেয়ে চিঠি দিয়েছিলাম। আর টাকা আমরা এখনো পাইনি। আমরা যে বাজেট উল্লেখ করে সরকারের কাছে সহায়তা চেয়েছিলাম সেখানে সবকিছু পরিষ্কার করা আছে। সেখানে কোচের দুই মাসের বেতনসহ (সাত হাজার মার্কিন ডলার) সব খাত উল্লেখ করা আছে।'

নিড়ের এমন প্রতিক্রিয়া ভালোভাবে নেয়নি ফেডারেশন। সাধারণ সম্পাদক বলেন, 'ফেডারেশনের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করায় মনন রেজাকে শোকজ না করে উপায় নেই। তাকে ফেসবুক স্ট্যাটাস ডিলিট করতে বলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত